হজ্জ

হজ্জ হলো মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামি তীর্থযাত্রা। হজ্জ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং তীর্থযাত্রীর অনুপস্থিতিতে তার পরিবার নিজেদের ভরণপোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার করতে হয়।

ইসলামি পরিভাষায়, হজ্জ হলো সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অবস্থিত "আল্লাহর ঘর" কারবা উদ্দেশ্যে করা একটি তীর্থযাত্রা। এটি শাহাদাহ (আল্লাহর কাছে শপথ), সালাত (প্রার্থনা), যাকাত (দান) এবং সাওম (রমজানের রোজা) এর পাশাপাশি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ। হজ হলো মুসলিম জনগণের সংহতি এবং সৃষ্টিকর্তার (আল্লাহর) কাছে তাদের আত্মসমর্পণের একটি বাহ্যিক প্রকাশ। হজ্জ শব্দের অর্থ হলো "যাত্রায় যোগদান করা", যা যাত্রার বাহ্যিক কাজ এবং উদ্দেশ্যের অভ্যন্তরীণ কাজ উভয়কেই বোঝায়। তীর্থযাত্রাটির নিয়মগুলো পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সম্পন্ন করা হয়, যা ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ্জের ৮ থেকে ১২ বা ১৩] তারিখ পর্যন্ত বিস্তৃত। যেহেতু ইসলামি বর্ষপঞ্জি একটি চন্দ্র পঞ্জিকা এবং ইসলামি বছর গ্রেগরীয় বছরের তুলনায় প্রায় এগারো দিন ছোট, তাই হজ্জের গ্রেগরীয় তারিখ প্রতি বছর পরিবর্তন হয়। ২০২৩ খ্রিস্টাব্দে (১৪৪৪ হিজরি), জিলহজ্জ মাস ১৯ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত বিস্তৃত।

হজ্জ ৭ম শতাব্দীর ইসলামের নবি মুহাম্মাদের জীবনের সাথে জড়িত, তবে মক্কায় তীর্থযাত্রার এই অনুষ্ঠানটি ইব্রাহিমের সময়কাল পর্যন্ত হাজার হাজার বছর পুরনো বলে মুসলমানেরা মনে করে থাকেন। হজের সময়, হজযাত্রী বা হাজিগণ লক্ষাধিক মানুষের পদযাত্রায় যোগ দেন, যারা একই সাথে হজের সপ্তাহের জন্য মক্কায় একত্রিত হন এবং একটি ধারাবাহিক অনুষ্ঠান সম্পাদন করেন: প্রত্যেক ব্যক্তি কাবার (একটি ঘনক আকৃতির ভবন এবং মুসলমানদের জন্য প্রার্থনার জন্য ক্বিবলা) চারপাশে সাতবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাঁটেন, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে সাতবার দ্রুত পায়ে হেঁটে যান, তারপর জমজম কূপ থেকে পানি পান করেন, আরাফাতের পাহাড়ের ময়দানে গিয়ে অবস্থান করেন, মুজদালিফার ময়দানে একটি রাত কাটান এবং তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করার মাধ্যমে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করেন। একটি পশু কোরবানি করার পরে (যা একটি ভাউচার ব্যবহার করে সম্পন্ন করা যেতে পারে), হজযাত্রীদের তাদের মাথা ন্যাড়া করতে হয় বা চুল ছাঁটাই করতে হয় (পুরুষ হলে) বা চুলের প্রান্ত ছাঁটাই করতে হয় (মহিলা হলে)। এর পরে ঈদুল আযহার চারদিনব্যাপী বৈশ্বিক উৎসবের উদযাপন শুরু হয়। মুসলমানরা বছরের অন্য সময়ে মক্কায় ওমরাহ (আরবি: عُمرَة) বা "সংক্ষিপ্ত হজযাত্রা" করতে পারেন। তবে, ওমরাহ পালন করা হজের বিকল্প নয় এবং মুসলিমরা ওমরাহ করার পরেও তাদের জীবদ্দশায় অন্য কোনো সময়ে হজ পালন করতে বাধ্য যদি তাদের তা করার উপায় থাকে।


হজের সময়

হজের তারিখ ইসলামি বর্ষপঞ্জি (হিজরি বর্ষপঞ্জি বা হিজরি নামে পরিচিত) দ্বারা নির্ধারিত হয়, যা চান্দ্র বছরের উপর ভিত্তি করে চলে। প্রতি বছর, হজের অনুষ্ঠানগুলো দশ দিনের মেয়াদে সংঘটিত হয়, যা ১ তারিখ থেকে শুরু হয় এবং ১০ জ্বিলহজ্জ অর্থাৎ, ইসলামি বর্ষপঞ্জির দ্বাদশ এবং শেষ মাসে শেষ হয়। এই দশ দিনের মধ্যে, ৯ জ্বিলহজ্জ আরাফাতের দিন হিসাবে পরিচিত এবং এই দিনটিকে হজের দিন বলা হয়। যেহেতু ইসলামিক বর্ষপঞ্জি চন্দ্র পঞ্জিকা এবং ইসলামি বছর গ্রেগরীয় বছরের তুলনায় প্রায় এগারো দিন ছোট, তাই হজের গ্রেগরীয় তারিখ প্রতি বছর পরিবর্তিত হয়। এইভাবে, গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রতি বছর, তীর্থযাত্রা এগারো দিন (কখনও কখনও দশ দিন) আগে শুরু হয়। এটি একটি গ্রেগরীয় বছরে দুবার হজের মৌসুম হওয়াকে সম্ভব করে তোলে এবং এটি প্রতি ৩৩ বছরে একবার হয়। শেষবার এই ঘটনাটি ঘটেছিল ২০০৬ সালে।


নিয়মাবল

ইহরাম

ইহরাম হল বিশেষ আধ্যাত্মিক অবস্থা ও পবিত্র অবস্থাকে দেওয়া একটি নাম, যা প্রতিটি ব্যক্তির জন্য হজের আনুষ্ঠানিকতার সূচনা করে। মিকাতে পৌঁছানোর পর বা সেখানে পৌঁছানোর আগে ইহরাম শুরু করা হয়, এটি তারা কোথা থেকে এসেছে তার উপর নির্ভর করে।

হজযাত্রীরা যখন ইহরাম অবস্থায় প্রবেশ করে তখন তাদের কিছু কাজ থেকে বিরত থাকতে হয়। ইহরাম অবস্থায়, পুরুষদের দুটি সাদা সেলাইবিহীন কাপড় পরতে হয়, যার একটি কোমরের চারপাশে মুড়ে হাঁটুর নিচে এবং অন্যটি বাম কাঁধের উপর দিয়ে ডান পাশে বাঁধতে হয়। মহিলাদের জন্য এর মধ্যে সাধারণ পোশাক পরতে হয় যা হাত ও মুখ খোলা রেখে সর্বজনীন পোশাকের ইসলামি শর্ত পূরণ করা অন্যান্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে নখ কাটা থেকে বিরত থাকা, শরীরের কোনো অংশ কামানো, যৌন সম্পর্ক করা, সুগন্ধি ব্যবহার করা, গাছপালা নষ্ট করা, প্রাণী হত্যা করা, মাথা (পুরুষদের জন্য) বা মুখ ও হাত (নারীদের জন্য) ঢেকে রাখা; বিয়ে করা; বা অস্ত্র বহন করা।

ইহরাম এর মাধ্যমে ধনী-গরিবের মধ্যে কোনো পার্থক্য না করে আল্লাহর সামনে সকল হাজিদের সমতা প্রদর্শন করাকে বোঝানো হয়।এই ধরনের অপরিচিত সাদা পোশাক পরিধান করার মাধ্যমে সম্পূর্ণরূপে বিশ্বাস করা হয় যে তা মানুষকে বস্তুগত প্রদর্শন থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে বিশুদ্ধতা এবং আধ্যাত্মিকতার জগতে নিমগ্ন করে, যেহেতু পোশাক ব্যক্তিত্ব এবং স্বাতন্ত্র্য প্রদর্শন করে এবং ব্যক্তিকে আলাদা করে এমন বাহ্যিক বাধা সৃষ্টি করে বলে বিশ্বাস করা হয়। ইহরামের পোশাককে সেই ব্যক্তিত্ববাদের বিরোধী হিসেবে দেখা হয়। ইহরাম-এর পোশাক মৃত্যুর পর পরা কাফনকেও স্মরণ করিয়ে দেয়।